
পশ্চিম বর্ধমান, ২৪ জুলাই (হি. স.) : পশ্চিম বর্ধমান ও ঝাড়খণ্ড সীমানায় অবস্থিত রামপুর তল্লাশি চৌকিতে ব্যাপক ঘুষ নেওয়ার অভিযোগে প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নিল রাজ্য পরিবহন বিভাগ। যানবাহন আটকে বেআইনিভাবে অর্থ আদায়ের অভিযোগে সেখানে কর্মরত দুই মোটর যান পরিদর্শক (এমভিআই-এনটি) অনুপম বন্দ্যোপাধ্যায় এবং নাজিমুল হককে অবিলম্বে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করে পুরো বিষয়টি দুর্নীতি দমন বিভাগের (এসিবি) হাতে তুলে দেওয়া হয়েছে।
রাজ্য পরিবহন বিভাগের প্রধান সচিব রবি ইন্দর সিং জানান, দায়িত্বে থাকাকালীন এই দুই আধিকারিকের বিরুদ্ধে বেআইনি আর্থিক সুবিধা গ্রহণ ও অর্থ দাবির গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা ও গুরুত্ব বিবেচনা করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের বরখাস্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার প্রসঙ্গে রাজ্যের দুর্নীতি বিরোধী কঠোর অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে জানানো হয়েছে, দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
দীর্ঘদিন ধরেই ওই তল্লাশি চৌকিতে পণ্যবাহী গাড়ি ও পরিবহন ব্যবসায়ীদের কাছ থেকে নথিপত্র পরীক্ষার নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ উঠছিল। দুই আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের পর পরিষেবা স্বাভাবিক রাখতে সেখানে নতুন পরিদর্শকদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন বিভাগকে দ্রুত তদন্তের বিবরণ জমা দিতে বলা হয়েছে। দুটি পরিদর্শকের বিরুদ্ধে একসঙ্গে এমন পদক্ষেপের ঘটনায় পরিবহন মহল ও আন্তঃরাজ্য সীমানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি