ভিন রাজ্যে পাচারের আগেই ১,২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার, ঝাড়গ্রামে গ্রেফতার লরি চালক
ঝাড়গ্রাম, ২৪ জুলাই (হি. স.): ভিন রাজ্যে পাচারের আগেই প্রায় ১,২০০ বোতল নিষিদ্ধ কোডিন কাফ সিরাপ উদ্ধার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কে অভিযান চালিয়ে লোহার পাইপবোঝাই একটি লরি থেকে ওই কাফ সিরাপ উদ্ধার করা হয়। এই ঘটনায়
ভিন রাজ্যে পাচারের আগেই ১,২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার, ঝাড়গ্রামে গ্রেফতার লরি চালক


ঝাড়গ্রাম, ২৪ জুলাই (হি. স.): ভিন রাজ্যে পাচারের আগেই প্রায় ১,২০০ বোতল নিষিদ্ধ কোডিন কাফ সিরাপ উদ্ধার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কে অভিযান চালিয়ে লোহার পাইপবোঝাই একটি লরি থেকে ওই কাফ সিরাপ উদ্ধার করা হয়। এই ঘটনায় লরির চালককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া কাফ সিরাপের সঙ্গে আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে ওড়িশার দিকে লোহার পাইপবোঝাই একটি লরি যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম থানার পুলিশ বালিভাসা ফ্লাইওভারের সামনে নজরদারি শুরু করে। কিছুক্ষণ পর সন্দেহভাজন লরিটিকে আটক করে তল্লাশি চালানো হয়। সেই সময় লরির ভিতরে লোহার পাইপের আড়ালে লুকিয়ে রাখা প্রায় ১,২০০ বোতল নিষিদ্ধ কোডিন কাফ সিরাপ উদ্ধার হয়। এরপর লরির চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম রাজু মুন্ডারি। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা।

শুক্রবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ কাফ সিরাপ বেআইনিভাবে ওড়িশায় পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। কোথা থেকে এই নিষিদ্ধ সিরাপ সংগ্রহ করা হয়েছিল, কার নির্দেশে তা পরিবহণ করা হচ্ছিল এবং ওড়িশার কোথায় তা পৌঁছে দেওয়ার কথা ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি এই পাচারচক্রের সঙ্গে আরও কোনও ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। তদন্তকারীদের অনুমান, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আন্তঃরাজ্য পাচারচক্র সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। পুলিশ জানিয়েছে, মাদক ও নিষিদ্ধ নেশাজাতীয় দ্রব্যের পাচার রুখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande