স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া - ১,৯৩০ সার্কেল বেসড অফিসার নিয়োগ ঘোষণা
কলকাতা, ২৪ জুলাই (হি. স.) : স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) দেশজুড়ে গ্রাহক পরিষেবা আরও জোরদার করতে ১,৯৩০ জন সার্কেল বেসড অফিসার (সিবিও) নিয়োগের ঘোষণা করেছে। শুক্রবার ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, শহর, মফস্বল ও গ্রামীণ শাখাগুলিতে গ্রাহক পরিষেবার ম
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া - ১,৯৩০ সার্কেল বেসড অফিসার নিয়োগ ঘোষণা


কলকাতা, ২৪ জুলাই (হি. স.) :

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) দেশজুড়ে গ্রাহক পরিষেবা আরও জোরদার করতে ১,৯৩০ জন সার্কেল বেসড অফিসার (সিবিও) নিয়োগের ঘোষণা করেছে। শুক্রবার ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, শহর, মফস্বল ও গ্রামীণ শাখাগুলিতে গ্রাহক পরিষেবার মান উন্নত করা এবং সম্পর্কভিত্তিক ব্যাঙ্কিং আরও শক্তিশালী করতেই এই নিয়োগ। এসবিআইয়ের ‘ডিজিটাল ফার্স্ট, কাস্টমার ফার্স্ট’ ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ৫৩ কোটিরও বেশি গ্রাহকের জন্য আরও সহজ, নিরবচ্ছিন্ন ও ব্যক্তিকেন্দ্রিক ব্যাঙ্কিং পরিষেবা নিশ্চিত করা এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

​নবনিযুক্ত অফিসারদের স্বাগত জানিয়ে এসবিআইয়ের চেয়ারম্যান চল্লা শ্রীনিবাসুলু শেট্টি শুক্রবার এই ঘোষণা দেন এবং বলেন, ‘‘আমাদের রূপান্তরের যাত্রায় কর্মীরাই সবচেয়ে বড় শক্তি। নতুন প্রজন্মের এই অফিসারেরা প্রযুক্তিনির্ভর, সহজলভ্য এবং গ্রাহককেন্দ্রিক ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। একই সঙ্গে দেশের কোটি কোটি মানুষের আস্থার মর্যাদা রক্ষার দায়িত্বও তাঁদের কাঁধে থাকবে।’’

​বর্তমানে প্রায় ২ লক্ষ ৪৫ হাজার কর্মী নিয়ে দেশের বৃহত্তম ব্যাঙ্ক হিসেবে কাজ করছে এসবিআই। ব্যাঙ্কের দাবি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং গ্রাহকের প্রয়োজন অনুযায়ী পরিষেবা আরও উন্নত করাই তাদের দীর্ঘমেয়াদি কৌশলের অন্যতম ভিত্তি। নতুন এই নিয়োগ সেই লক্ষ্যপূরণের দিকেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande