
কোচবিহার, ২৪ জুলাই (হি.স.): ট্রাকের সঙ্গে একটি টোটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন টোটো চালক। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই শিশু-সহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে কোচবিহার জেলার মাথাভাঙা ১ নম্বর ব্লকের মাথাভাঙা-শীতলখুচি সড়কে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ৪ জন যাত্রী নিয়ে এক টোটো চালক মাথাভাঙা পঞ্চানন মোড় থেকে শীতলখুচির দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে টোটোটির মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের অভিঘাতে টোটোটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালকের। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত চালকের নাম নজরুল ইসলাম। দুর্ঘটনায় টোটোতে থাকা দুই শিশু-সহ চারজন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ