
কলকাতা, ২৪ জুলাই (হি. স.) : মহানায়ক উত্তমকুমারের ৪৭তম প্রয়াণদিবসে তাঁকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার রানাঘাট শহরে এক স্মরণসভা আয়োজন করা হয়। শহরের নজরুল মঞ্চের সামনে উত্তমকুমারের পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে এই অনুষ্ঠানের উদ্যোগ নেয় বৈশাখী কালচারাল ইউনিট। এ বছর সংগঠনের সুবর্ণজয়ন্তী বর্ষ হওয়ায় আয়োজনেও ছিল বিশেষ তাৎপর্য।
সংগঠনের সম্পাদক সুব্রত গাঙ্গুলি জানান, মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁদের উদ্যোগেই শহরে এই পূর্ণাবয়ব মূর্তিটি স্থাপন করা হয়েছিল। পাশাপাশি বিভিন্ন সময়ে শহরে আরও বহু বিশিষ্ট মনীষীর মূর্তিও সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠা করা হয়েছে। ওই অনুষ্ঠানের সূচনা পর্বে মহুয়া ভট্টাচার্যের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপরে মহানায়কের অভিনয় জীবন, ব্যক্তিত্ব এবং বাংলা চলচ্চিত্রে তাঁর অবদানের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও বাচিক শিল্পী পীতম ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বিপুল চক্রবর্তী, বলরাম সাহা, গোপা কর্মকার-সহ অন্যরাও। তাঁরা উত্তমকুমারের শিল্পসত্তা ও উত্তরাধিকারের নানা প্রসঙ্গ তুলে ধরেছেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন সুপ্রিয়া ঘোষ এবং সপ্তদীপা চক্রবর্তী। স্মৃতিচারণ, গান ও আবৃত্তির আবহে মহানায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত শিল্পী, সংস্কৃতিপ্রেমী ও সংগঠনের সদস্যেরা। সঞ্চালনার দায়িত্বে সুব্রত গাঙ্গুলি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত