
ভাটপাড়া, ২৪ জুলাই (হি. স.) : সড়কপথের যানজট কমানো এবং যাত্রীদের দ্রুত ও আরামদায়ক যাতায়াতের সুবিধা দিতে ব্যারাকপুর থেকে বাবুঘাট এবং মেটিয়াবুরুজ পর্যন্ত ওয়াটার ট্যাক্সি পরিষেবা চালুর ঘোষণা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। শুক্রবার ভাটপাড়ার গোলঘর পার্কে খুঁটি পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই ঘোষণা করেন।পরিবহণ মন্ত্রী জানান, গঙ্গাপথকে আরও কার্যকরভাবে ব্যবহার করে বিকল্প পরিবহণ ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সেই উদ্দেশ্যেই ব্যারাকপুর থেকে বাবুঘাট ও মেটিয়াবুরুজ পর্যন্ত ওয়াটার ট্যাক্সি পরিষেবা চালু করা হবে। পাশাপাশি, দূরপাল্লার ভেসেল পরিষেবাও চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে নদীপথে আরও বেশি সংখ্যক যাত্রী সহজে যাতায়াত করতে পারেন।মন্ত্রী বলেন, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় প্রতিদিন সড়কপথে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। জলপথের আরও বেশি ব্যবহার হলে সড়কের উপর চাপ কমবে, যাত্রীদের সময়ও বাঁচবে। একই সঙ্গে পরিবেশবান্ধব এই পরিবহণ ব্যবস্থার মাধ্যমে নদীপথের সম্ভাবনাকেও কাজে লাগানো সম্ভব হবে। ওয়াটার ট্যাক্সি ও দূরপাল্লার ভেসেল পরিষেবা চালু হলে ব্যারাকপুর মহকুমা-সহ উত্তর ২৪ পরগনার বহু মানুষের যাতায়াতে নতুন দিগন্ত খুলবে বলে মনে করা হচ্ছে। পরিষেবা চালুর দিনক্ষণ ও রুট সংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে বলে ইঙ্গিত দেন পরিবহণ মন্ত্রী।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়