কামারপুকুর রামকৃষ্ণ মঠে জমজমাট উল্টো রথ
আরামবাগ , ২৪ জুলাই (হি.স.): শ্রীশ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরে পবিত্র উল্টোরথ উপলক্ষে ভক্তি, আবেগ ও ধর্মীয় উচ্ছ্বাসে মুখর হয়ে উঠল গোটা এলাকা। কামারপুকুর রামকৃষ্ণ মঠের উদ্যোগে ঐতিহ্যবাহী রথযাত্রায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত
কামারপুকুরে উল্টোরথ


আরামবাগ , ২৪ জুলাই (হি.স.):

শ্রীশ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরে পবিত্র উল্টোরথ উপলক্ষে ভক্তি, আবেগ ও ধর্মীয় উচ্ছ্বাসে মুখর হয়ে উঠল গোটা এলাকা। কামারপুকুর রামকৃষ্ণ মঠের উদ্যোগে ঐতিহ্যবাহী রথযাত্রায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সমবেত হন।

সকালে বিশেষ পূজা, আরতি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের পর সুসজ্জিত রথটি মঠ প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে। রথটি কামারপুকুর চটি চৌরাস্তা পরিক্রমা করে পুনরায় রামকৃষ্ণ মঠে ফিরে আসে। রথের পথজুড়ে ছিল উপচে পড়া ভিড়। নারী, পুরুষ, শিশু ও প্রবীণ—সব বয়সের মানুষ ভক্তিভরে রথযাত্রায় অংশ নেন।

উৎসবের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল রথের রশি টানা। ভক্তদের বিশ্বাস, রথের রশি স্পর্শ করলে ভগবানের আশীর্বাদ লাভ হয়। সেই বিশ্বাসকে ঘিরে রশি ছোঁয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় বহু মানুষকে। রথের দুই ধারে দাঁড়িয়ে ভক্তরা প্রণাম জানান, ফুল অর্পণ করেন এবং জয়ধ্বনি ও ভক্তিগীতে মুখর করে তোলেন চারপাশ।

রথযাত্রায় রামকৃষ্ণ মঠের প্রধান মহারাজসহ অন্যান্য সন্ন্যাসীরা সক্রিয়ভাবে অংশ নেন। শৃঙ্খলা বজায় রাখতে মঠ কর্তৃপক্ষের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উল্টোরথের এই মহোৎসব কামারপুকুরে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করে। উপস্থিত ভক্তদের মতে, শ্রীশ্রীরামকৃষ্ণের জন্মভূমিতে এই রথযাত্রায় অংশ নেওয়া তাঁদের জীবনের এক পরম প্রাপ্তি। আগামী বছরও এই পুণ্যউৎসবে যোগ দেওয়ার আশায় অনেকেই ফিরে যান।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande