
হাফলং (অসম), ২৫ জুলাই: (হি স) লামডিং–বদরপুর পাহাড় লাইনে নিউ হারাঙ্গাজাও স্টেশনে বৃষ্টির দরুন রেল ট্র্যাকের নীচের মাটি ধসে যাওয়ায় ১ নম্বর ও ২ নম্বর রেল লাইন ক্ষতিসাধন হওয়ার জেরে একধিক যাত্রীবাহী রেল বাতিল হওয়ায় যাত্রী দূর্ভোগ চরম আকার ধারণ করেছে। লামডিং বদরপুর রেলপথের নিউ হারাঙ্গাজাও রেলস্টেশনে ট্র্যাক বসে যাওয়ার ঘটনায় রেল চলাচলে ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে। ট্র্যাক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্টেশনের লাইন নম্বর–১ (এল/১) ও লাইন নম্বর–২ (এল/২)-এ ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে লাইন নম্বর–৩ (এল/৩)-এর অবস্থাও কড়া নজরদারিতে পর্যবেক্ষণ করা হচ্ছে। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে, বর্তমানে নিউ হারাংঙ্গাজাও স্টেশনের এল/৩ দিয়েই সমস্ত ট্রেন চলাচল করানো হচ্ছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ওই অংশে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে একাধিক ট্রেন বাতিলের পাশাপাশি কয়েকটি ট্রেনের সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছে।
রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ জুলাইয়ের ১৫৬১৭ গুয়াহাটি–দুল্লভছড়া এক্সপ্রেস এবং ২৬ জুলাইয়ের ১৫৬১৮ দল্লভছড়া গুয়াহাটি এক্সপ্রেস সম্পূর্ণ বাতিল করা হয়েছে। একইভাবে ২৫ জুলাইয়ের ১৫৬১৫ গুয়াহাটি–শিলচর এক্সপ্রেস এবং ২৬ জুলাইয়ের ১৫৬১৬ শিলচর–গুয়াহাটি এক্সপ্রেস-ও বাতিল করা হয়েছে।
অন্যদিকে, ১৫৬৫০ লামডিং–আগরতলা এক্সপ্রেস নির্ধারিত সময়ের আগেই বিকেল ৫টায় ছাড়বে। ১৫৬৪৯ আগরতলা–লামডিং এক্সপ্রেস নির্ধারিত রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে রাত ১০টা ৩০ মিনিটে যাত্রা শুরু করবে। এছাড়া ১৫৬০৯ গুয়াহাটি–সাইরাং এক্সপ্রেস রাত ১১টায়, ১৫৬১০ সাইরাং–গুয়াহাটি এক্সপ্রেস, ১৫৬২৬ আগরতলা–দেওঘর এক্সপ্রেস এবং ১৫৬১১ রঙ্গিয়া–শিলচর এক্সপ্রেস রাত ১১টা ৩০ মিনিটে পুনর্নির্ধারিত সময়ে চলবে। ১৫৬১২ শিলচর–রঙ্গিয়া এক্সপ্রেস ২৬ জুলাই ভোর ৫টায় ছাড়বে। এছাড়া ০১৬৬৫ রাণী কমলাবতি–আগরতলা বিশেষ ট্রেনটি পরিস্থিতি অনুযায়ী পথে নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্র্যাকের নিচের মাটি বসে যাওয়ার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে রেলের বিভাগের ইঞ্জিনিয়ার ও শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে রেল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এল/৩ লাইনের নিরাপত্তাও নিয়মিত পরীক্ষা করা হচ্ছে, যাতে সীমিত পরিসরে হলেও নিরাপদে ট্রেন চলাচল অব্যাহত রাখা যায়। রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ সময়সূচী যাচাই করার অনুরোধ জানিয়েছে। পরিস্থিতির উন্নতির ওপর নির্ভর করে আগামী দিনগুলিতেও ট্রেন চলাচলের সময়সূচীতে আরও পরিবর্তন আনা হতে পারে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব