
আগরতলা, ২৫ জুলাই (হি.স.) : সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাস মহারাজের জন্মজয়ন্তী উপলক্ষ্যে সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বিশেষ কর্মশালার আয়োজন করল প্রদেশ বিজেপি। শনিবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস, মন্ত্রী কিশোর বর্মণ-সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব, জনপ্রতিনিধি ও সংগঠনের পদাধিকারীরা।
অনুষ্ঠানের শুরুতেই সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাস মহারাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ। পরে কর্মশালায় গুরু রবিদাসের জীবনাদর্শ, সমাজ সংস্কারে তাঁর অবদান, সাম্য, ভ্রাতৃত্ববোধ এবং মানবতার বার্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দলীয় কর্মীদের সামনে তাঁর কর্মজীবন ও দর্শন তুলে ধরে সমাজে সম্প্রীতি ও সামাজিক ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বলেন, সন্ত শিরোমণি গুরু রবিদাস শুধু একজন মহান সাধকই নন, তিনি ছিলেন একজন প্রখ্যাত কবি, দার্শনিক এবং সমাজ সংস্কারক। জাত-পাত, বর্ণবৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করেছেন। মানুষের মধ্যে সমতা, ভ্রাতৃত্ব এবং ঈশ্বরের প্রতি ভক্তির শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ আজও সমাজকে পথ দেখায়। তিনি বলেন, গুরু রবিদাসের জন্মজয়ন্তী উপলক্ষয়ে বিজেপি-র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই দেশজুড়ে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’ পালিত হচ্ছে এবং সেই ধারাবাহিকতায় ত্রিপুরাতেও এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, সমাজে বিভাজনের পরিবর্তে ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরু রবিদাসের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সামাজিক সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় বলেন, গুরু রবিদাসের জীবন ও দর্শন ভারতীয় সমাজকে সাম্যের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার দেশের মহান মনীষীদের আদর্শকে মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গুরু রবিদাসের জীবনবোধ সমাজে ইতিবাচক পরিবর্তনের শক্তি হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস-সহ অন্যান্য বক্তারাও গুরু রবিদাসের কর্মজীবন, সমাজ সংস্কারে তাঁর অবদান এবং মানবকল্যাণে তাঁর দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, ধর্ম, বর্ণ ও জাতিগত বিভেদ ভুলে মানবতার আদর্শে উদ্বুদ্ধ হওয়াই ছিল গুরু রবিদাসের মূল বার্তা, যা বর্তমান সময়েও সমানভাবে প্রাসঙ্গিক।
কর্মশালায় উপস্থিত বিজেপি-র বিভিন্ন স্তরের পদাধিকারী, জনপ্রতিনিধি ও কর্মীদের গুরু রবিদাস মহারাজের জীবন, দর্শন এবং সামাজিক সমতার বার্তা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। পাশাপাশি সমাজে সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ