
আগরতলা, ২৫ জুলাই (হি.স.) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগকে দেশের ছাত্র-যুব সমাজের দীর্ঘ আন্দোলনের নৈতিক জয় হিসেবে অভিহিত করে শনিবার রাজধানী আগরতলায় বিজয় মিছিলের আয়োজন করল প্রদেশ কংগ্রেস। আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে দলের পক্ষ থেকে দাবি করা হয়, এই পদত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের শক্তিরই প্রতিফলন।
এদিন বিকেলে আগরতলায় কংগ্রেস ভবনের সামনে থেকে বিজয় মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার নেতৃত্বে দলের নেতা-কর্মী, যুব ও ছাত্র সংগঠনের সদস্যরা অংশ নেন। আন্দোলনের সমর্থনে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে মিছিল।
মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, কেন্দ্রীয় সরকার শুরু থেকেই ছাত্র-যুবকদের ন্যায্য আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে। আন্দোলনকারীদের কন্ঠরোধ করতে প্রশাসনিক চাপ ও নানা ধরনের বাধা সৃষ্টি করা হলেও ছাত্র-যুব সমাজ তাঁদের দাবিতে অনড় থেকেছেন। শেষ পর্যন্ত সরকারের পিছু হটতে বাধ্য হওয়াই প্রমাণ করে যে সত্য ও ন্যায়ের লড়াই কখনও পরাজিত হয় না।
তিনি বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাত্রদের দীর্ঘদিনের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এখানেই সবকিছুর সমাপ্তি নয়। শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও পরীক্ষা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আশীষ কুমার সাহা আরও অভিযোগ করেন, নিট প্রশ্নফাঁসসহ সাম্প্রতিক বিভিন্ন অনিয়ম দেশের কোটি কোটি ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এই ঘটনার নৈতিক দায় সরকারের এড়ানোর সুযোগ নেই। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত সমগ্র ঘটনার জন্য নৈতিক দায় স্বীকার করে দেশবাসী, বিশেষ করে ছাত্র-যুব সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া।
প্রদেশ কংগ্রেসের দাবি, দেশের শিক্ষা ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে পরীক্ষা পরিচালনায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ