
কলকাতা, ২৫ জুলাই (হি. স.) : ২৯৪ জন বিধায়কের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় ১৮১ জনই নতুন বিধায়ক। তাঁদের মধ্যে অন্তত ৭৫ শতাংশ প্রথম বারের জন্য নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু জানিয়েছেন যে, এই প্রথম মাতৃভাষায় সরকারের তরফেও সভার কাজকর্ম পরিচালনা করা হয়েছে।
ইতিমধ্যেই সেরা বিধায়ক পুরস্কার প্রদানের প্রস্তাব উঠেছে বিধানসভায়। পারফরম্যান্সের ভিত্তিতেই তা চালু করার চিন্তাভাবনা রয়েছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার বিধানসভায় চলতি বাজেট অধিবেশনের দফাওয়াড়ি ব্যয় বরাদ্দ ও মঞ্জুরি সংক্রান্ত আলোচনা সভায় এ প্রসঙ্গে জানান যে, একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করা প্রয়োজন হয়ে পড়েছে, যাতে বিধায়কদের নিয়মিত পারফরম্যান্স থেকে শুরু করে উপস্থিতির তথ্য লিপিবদ্ধ করা সম্ভব হয়। আগামী দিনে ধাপে ধাপে পেপারলেস (কাগজহীন) কাজকর্ম ও পরিচালনার দিকেই দিকনির্দেশ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত