
আগরতলা, ২৫ জুলাই (হি.স.) : আগরতলায় রেন্টার্স কলোনির নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক হাসপাতালের নতুন সাইনবোর্ড থেকে নেতাজি-র নাম বাদ দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আমরা বাঙালী দল। শনিবার এই ঘটনাকে নেতাজি-বিদ্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ বলে অভিহিত করে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করে আমরা বাঙালী। পাশাপাশি অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তা না হলে রাজ্যজুড়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।
দলের পক্ষ থেকে জানানো হয়, প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাধুটিলা তথা রেন্টার্স কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে একটি হোমিওপ্যাথিক হাসপাতাল পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি রাজ্য সরকার হাসপাতালটিকে স্টেট গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে হাসপাতালের নতুন সাইনবোর্ড বসানো হলেও সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম রাখা হয়নি। একই সঙ্গে পুরনো সাইনবোর্ডও সরিয়ে ফেলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভ ছড়ায়।
এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থেকে আমরা বাঙালী দলের ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু বাঙালির নন, তিনি সমগ্র দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রদূত। তাঁর অবদান ভারতবর্ষ তথা বিশ্বের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেই মহান নেতার নাম সরকারি প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়ার ঘটনাকে কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি অভিযোগ করেন, কেন্দ্রে ও রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বাঙালি বিদ্বেষী মানসিকতা ক্রমশ প্রকট হচ্ছে। তাঁর দাবি, অতীতে দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষায় কথা বলার কারণে বাঙালিদের হেনস্তার ঘটনা ঘটেছে, যা মানুষ এখনও ভুলে যায়নি। একই ধারাবাহিকতায় এখন নেতাজি-র নামও সরকারি প্রতিষ্ঠান থেকে মুছে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
গৌরাঙ্গ রুদ্রপাল আরও বলেন, পশ্চিমবঙ্গেও সম্প্রতি বিজেপি সরকারের আমলে নেতাজি-সহ বিভিন্ন মনীষীর নামে থাকা রাস্তা ও স্থাপনার নাম পরিবর্তনের অভিযোগ উঠেছে। ত্রিপুরাতেও একই প্রবণতা দেখা যাচ্ছে বলে দাবি করে তিনি বলেন, এটি নেতাজি-বিদ্বেষী নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র ধিক্কার জানাই।
তিনি স্পষ্ট ভাষায় জানান, অবিলম্বে হোমিওপ্যাথিক হাসপাতালের সঙ্গে নেতাজি-র নাম পুনর্বহাল করতে হবে। অন্যথায় আমরা বাঙালী রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবে। এই আন্দোলনে সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বানও জানান তিনি।
এদিন পশ্চিমবঙ্গের জনৈক বিজেপি নেতার নেতাজি সম্পর্কে সাম্প্রতিক মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন গৌরাঙ্গ রুদ্রপাল। তাঁর বক্তব্য, নেতাজি-র অপমান মানে শুধু বাঙালির নয়, সমগ্র ভারতবাসীর অপমান। এই ধরনের অপমান কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
বিক্ষোভ কর্মসূচি থেকে দলীয় নেতৃত্বের দাবি, নেতাজি-র নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে সরকারি কর্তৃপক্ষের উচিত তাঁর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। অন্যথায় আগামী দিনে এই ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলন আরও জোরদার করা হবে বলে তাঁরা জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ