
কলকাতা, ২৫ জুলাই (হি.স.): কলকাতার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে নিট পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ চলাকালীন হিংসা এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কলকাতা পুলিশ বড় ধরনের পদক্ষেপ নিয়ে নয়জনকে আটক করেছে। তাঁদের মধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে গুণ্ডা দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম মহম্মদ আফরোজ। সে মেটিয়াবুরুজের রাজাবাগান এলাকার বাসিন্দা। তাকে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হয়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন সে সাংবাদিক ও অন্যান্যদের ওপর হামলা ও নিপীড়নের ঘটনায় সরাসরি যুক্ত ছিল।
শুক্রবার বিক্ষোভ চলাকালীন ধর্মতলা এলাকায় আচমকাই পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে। পুলিশকে লাঠিচার্জ করতে হয়, অন্যদিকে আন্দোলনকারীদের একাংশের বিরুদ্ধে পুলিশের দিকে জুতো ও বোতল ছোঁড়ার অভিযোগ ওঠে। এই সময় সংবাদ সংগ্রহের কাজে উপস্থিত একাধিক সাংবাদিকের সঙ্গেও মারধর ও অশালীন আচরণ করা হয়।
ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিলেন। শনিবার বিধানসভায় তিনি পাঁচজন অভিযুক্তের নামও উল্লেখ করেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ সক্রিয় হয়ে নয়জনকে আটক করে এবং মূল এক অভিযুক্তকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ও ভিডিও ফুটেজ এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে হিংসায় জড়িত অন্যান্য অভিযুক্তদের চিহ্নিত করে আগামী দিনেও আইনি পদক্ষেপ নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি