
নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করছে, জোর দিয়ে বললেন বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী। শনিবার এক সাংবাদিক সম্মেলনে সুধাংশু ত্রিবেদী বলেন, কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় অত্যন্ত তৎপরতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। প্রবীণ নেতারা শিক্ষার্থীদের সঙ্গে নিরন্তর আলোচনা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী একটি 'ফাস্ট-ট্র্যাক আদালত' গঠনের সিদ্ধান্ত নিয়েছেন এবং গতকালই সংসদ প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর শাস্তির বিধান সম্বলিত একটি অত্যন্ত কার্যকর বিল পাস করেছে।
সুধাংশু আরও বলেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধী গত কয়েক দিন ধরে দিল্লির বিভিন্ন স্থানে নানা ধরনের মন্তব্য ও নাটকীয় কার্যকলাপ (স্টান্ট) চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা প্রশ্ন করতে চাই, আপনারা কেন সংসদে আলোচনা থেকে বিরত থাকছেন? এটি প্রমাণ করে যে আপনাদের লক্ষ্য শৃঙ্খলা বা সমাধান খোঁজা নয়, বরং বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করা। সরকার যখন এই সমস্যা এবং আপনাদের উত্থাপিত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তখন আপনারা কি সোমবার থেকে শুরু হতে যাওয়া সংসদীয় বিতর্কে অংশ নেবেন, নাকি আবারও তা এড়িয়ে যাবেন? আমরা শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানাব তারা যেন সচেতন থাকেন; কারণ অনেক নৈরাজ্যবাদী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী শক্তি তাদের আন্দোলনে অনুপ্রবেশ করছে এবং অনেক সুবিধাবাদী ও ক্ষমতা-লোভী রাজনৈতিক দল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সরকার অর্থবহ উদ্যোগ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার জন্য কাজ করে যাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ