
নয়াদিল্লি, ২৫ জুলাই (হি. স.): কেন্দ্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা আন্দোলনকারী ও সমর্থকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি জানান, তাঁদের সমস্ত প্রধান দাবি মেনে নেওয়া হয়েছে।
আশুতোষ রাঙ্কা বলেন, “আমরা আমাদের আন্দোলনকারী এবং সমর্থকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন প্রত্যাহারের আবেদন জানাচ্ছি। আমাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে আমরা শীঘ্রই জানাব।”
তিনি জানান, সিজেপির পাঁচ দফা দাবিপত্র ইতিমধ্যেই সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সিজেপির প্রতিনিধিদল ফের সরকারের সঙ্গে বৈঠক করে ওই দাবিপত্র নিয়ে আলোচনা করবে।
রাঙ্কা বলেন, “এই মুহূর্তে যন্তর-মন্তরে বা দেশের অন্য যে কোনও জায়গায় থাকা আমাদের সমস্ত সমর্থক ও আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করছি।”
উল্লেখ্য, নিট-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে যন্তর-মন্তরে বেশ কয়েক দিন ধরে সিজেপির নেতৃত্বে ছাত্র আন্দোলন চলছিল। আন্দোলনকারীদের প্রধান দাবিগুলির মধ্যে ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ও মামলা প্রত্যাহার এবং পরীক্ষায় অনিয়মের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের তৃতীয় দফার বৈঠকের পর এই দাবিগুলি নিয়ে সমঝোতা হয়। এরপরই সিজেপির তরফে সদিচ্ছার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য