
বীরভূম, ২৭ জুলাই (হি.স.): সোমবার সকালে নানুরের বাসাপাড়ায় শহিদ বেদিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। তাঁদের লক্ষ্য করে ডিম ছোঁড়ার পাশাপাশি 'চোর চোর' স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ।
কাজল শেখ ও বিধানচন্দ্র মাঝি এদিন বাসাপাড়ায় পৌঁছানোর পর শহিদ বেদিতে যাওয়ার সময়ই ডিম ছোড়া হয়। স্থানীয় সূত্রে খবর, ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। হঠাৎ উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ দ্রুত তৎপর হয়ে ওঠে এবং কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাজল শেখের বক্তব্য, যারা ডিম ছুড়েছে তাদের কখনও রাজনীতিতে দেখিনি। এটা বাংলার কৃষ্টি-সংস্কৃতি নয়। ওরা সমাজবিরোধী। শহিদ মঞ্চকে অসম্মান করেছে। পুলিশের কাছে অনুরোধ, যারা এমনটা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ