
বীরভূম, ২৮ জুলাই (হি.স.): দিনের ব্যস্ত সময়ে ফের বেপরোয়া লরির গতির বলি এক বাইক চালক। মঙ্গলবার দুপুরে শান্তিনিকেতনের শ্যামবাটি মোড় এলাকায় একটি দ্রুতগামী লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের। এই ভয়াবহ দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে একটি লরি প্রান্তিক রোড থেকে শ্যামবাটি মোড়ের দিকে আসছিল এবং সেখান থেকে শান্তিনিকেতনের অভিমুখে যাওয়ার কথা ছিল সেটির। ঠিক সেই মুহূর্তেই শ্যামবাটি এলাকা থেকে লাভপুরের দিকে বাইক চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, শ্যামবাটি মোড়ের কাছে পৌঁছানোর পর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে বাইকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে বাইক চালক রাস্তার ওপর ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ