ত্বিশা শর্মার মৃত্যু মামলায় অভিযুক্ত শাশুড়ি ও স্বামীর বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ১১ আগস্ট পর্যন্ত বাড়ল
ভোপাল, ২৮ জুলাই (হি.স.): বহুচর্চিত ত্বিশা শর্মা মৃত্যু মামলায় প্রধান দুই অভিযুক্ত—শাশুড়ি গিরিবালা সিং ও স্বামী সমর্থ সিংয়ের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আগামী ১১ আগস্ট পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত। মঙ্গলবার ভিডিও কনফারেন্
ত্বিশা শর্মার মৃত্যু মামলায় অভিযুক্ত শাশুড়ি ও স্বামীর বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ১১ আগস্ট পর্যন্ত বাড়ল


ভোপাল, ২৮ জুলাই (হি.স.): বহুচর্চিত ত্বিশা শর্মা মৃত্যু মামলায় প্রধান দুই অভিযুক্ত—শাশুড়ি গিরিবালা সিং ও স্বামী সমর্থ সিংয়ের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আগামী ১১ আগস্ট পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দু'জনকে আদালতে পেশ করা হয়। শুনানি শেষে সিবিআইয়ের আবেদন মঞ্জুর করে আদালত এই নির্দেশ দেয়।

ত্বিশা শর্মার পক্ষের আইনজীবী শুভাঙ্গ দীক্ষিত জানান, জামিনের আবেদন খারিজ হওয়ার পর বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় অভিযুক্তদের ভার্চুয়াল মাধ্যমে আদালতে তোলা হয়। এদিন আদালতে উপস্থিত ছিলেন ত্বিশার বাবা ও ভাইও। মামলার গুরুত্ব এবং তদন্তের সংবেদনশীলতার কথা বিবেচনা করে আদালত দু'জনের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ১১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেয়।

শুনানির সময় অভিযুক্তদের আইনজীবী অভিযোগ করেন, ভয়েস স্যাম্পল সংগ্রহের সময় সিবিআই আধিকারিকদের আচরণ যথাযথ ছিল না। পাশাপাশি তদন্তে সহযোগিতা না করার অভিযোগও অস্বীকার করে প্রতিরক্ষা পক্ষ। তবে আদালত জানায়, ভয়েস স্যাম্পল সংক্রান্ত এই যুক্তিগুলি আগেই জামিনের শুনানিতে বিবেচিত হয়েছে। তাই বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধির শুনানিতে এই বিষয়গুলির আর প্রাসঙ্গিকতা নেই।

প্রতিরক্ষা পক্ষের দাবি ছিল, সিবিআইয়ের আবেদনে বিচারবিভাগীয় হেফাজত বাড়ানোর মতো নতুন কোনও কারণ দেখানো হয়নি। এছাড়া, এখনও পর্যন্ত যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁদের তালিকাও আদালতের মাধ্যমে চাওয়া হয়। এর বিরোধিতা করে সিবিআই জানায়, তদন্ত এখনও অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। এই অবস্থায় সাক্ষীদের পরিচয় বা তথ্য প্রকাশ করা হলে তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা ব্যাহত হতে পারে।

উল্লেখ্য, ২০২৬ সালের ১২ মে ভোপালের কাটারা হিলস এলাকায় ত্বিশা শর্মার রহস্যজনক মৃত্যুর ঘটনায় মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশে দিল্লির এমসে পুনরায় ময়নাতদন্ত করা হয়। সেই রিপোর্টের ভিত্তিতেই বর্তমানে মামলার তদন্ত করছে সিবিআই।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande