
জম্মু, ২৮ জুলাই (হি.স.): টানা ভারী বৃষ্টিতে চন্দ্রভাগা নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার পুরনো ‘পুল ডোডা’ সেতুতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় ১১টা থেকেই সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়। টানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সেতুর স্প্যানে ফাটল দেখা যাওয়ার খবর মিলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েক দিন ধরে চেনাবের জল সেতুর গা ঘেঁষে প্রবাহিত হচ্ছিল।
মঙ্গলবার সকালে পূর্ত দফতরের (পিডব্লিউডি) আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সেতুর প্রাথমিক পরিদর্শন করেন। জেলা প্রশাসন এবং ট্রাফিক পুলিশের আধিকারিকেরাও সেখানে উপস্থিত ছিলেন।
ডোডার পিডব্লিউডির সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার অতুল গুপ্ত জানান, জম্মু থেকে আসা দফতরের নকশা, পরিদর্শন ও গুণমান নিয়ন্ত্রণ শাখার বিশেষজ্ঞ দল সেতুর বিস্তারিত পরিকাঠামোগত পরীক্ষা করেছে। তাঁদের প্রাথমিক পর্যবেক্ষণে সেতুর মূল কাঠামোর কোনও ক্ষতি ধরা পড়েনি। যে ফাটলগুলি দেখা গিয়েছে, সেগুলি সম্ভবত নির্মাণের সময় শাটারিংয়ের কারণে উপরিভাগে তৈরি হয়েছিল। তবে এক-দু'দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে।
ততদিন পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যান চলাচল নিকটবর্তী গণপত সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহার করার এবং সেতুতে পুনরায় যান চলাচলের অনুমতি না পাওয়া পর্যন্ত প্রশাসনকে সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য