দুর্নীতির অভিযোগে দুর্গাপুর ইস্পাত কারখানা পিপলস কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবি
দুর্গাপুর, ২৮ জুলাই (হি.স.): দুর্নীতির অভিযোগ তুলে দুর্গাপুর ইস্পাত কারখানা পিপলস কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সরব হল বিজেপি। মঙ্গলবার ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। চেয়ারম্যান ললিত কুমার দাসকে ২৪ ঘণ্টার
দুর্নীতির অভিযোগে দুর্গাপুর ইস্পাত কারখানা পিপলস কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবি


দুর্গাপুর, ২৮ জুলাই (হি.স.): দুর্নীতির অভিযোগ তুলে দুর্গাপুর ইস্পাত কারখানা পিপলস কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সরব হল বিজেপি। মঙ্গলবার ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। চেয়ারম্যান ললিত কুমার দাসকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, পদত্যাগ না করলে বৃহত্তর আন্দোলনে নামবে দল।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড়ে অবস্থিত ওই ব্যাংকে আচমকাই ঢুকে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। এরপর তাঁরা সরাসরি চেয়ারম্যানের ঘরে গিয়ে ললিত কুমার দাসের সঙ্গে দেখা করেন এবং পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ব্যাংকের বাইরেও স্লোগান ও প্রতিবাদ কর্মসূচি চলে।

বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যাংকের পরিচালন কমিটি একাধিক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত। এমনকী ভোটে কারচুপির মাধ্যমে তৃণমূল ও সিপিএম ঘনিষ্ঠ ব্যক্তিরা পরিচালন কমিটির দখল নিয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। বিজেপির দাবি, বর্তমান কমিটি বাতিল করে দ্রুত নতুন নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে করতে হবে।

বিজেপির যুগ্ম সম্পাদক সুভাষ কয়াল বলেন, “রাজ্যে সরকার পরিবর্তন হলেও বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও দুর্নীতিগ্রস্ত কমিটি বহাল রয়েছে। এর জন্য সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। আমরা চাই, দুর্নীতিগ্রস্ত কমিটি দ্রুত পদত্যাগ করুক। নতুন নির্বাচন হোক এবং স্বচ্ছতার সঙ্গে ভোট সম্পন্ন করা হোক।”

অন্যদিকে, ব্যাংকের চেয়ারম্যান ললিত কুমার দাস বলেন, “আমি পদত্যাগ করতে রাজি আছি। তবে কিছু নিয়ম-কানুন রয়েছে। সেই নিয়ম মেনেই আমাকে চেয়ারের দায়িত্ব ছাড়তে হবে।”

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande