পশ্চিমবঙ্গে এক লক্ষ পুলিশকর্মী নিয়োগ করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ২৮ জুলাই (হি.স.): আগামী কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গে পর্যায়ক্রমে এক লক্ষ নতুন পুলিশকর্মী নিয়োগ করা হবে বলে মঙ্গলবার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বর্তমানে ১৪ হাজার পুলিশ কনস্টেবল প্রশিক্ষণ সম্পন্ন করে নি
শুভেন্দু অধিকারী (ফা|ইল ফটো)


কলকাতা, ২৮ জুলাই (হি.স.): আগামী কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গে পর্যায়ক্রমে এক লক্ষ নতুন পুলিশকর্মী নিয়োগ করা হবে বলে মঙ্গলবার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বর্তমানে ১৪ হাজার পুলিশ কনস্টেবল প্রশিক্ষণ সম্পন্ন করে নিয়োগের অপেক্ষায় রয়েছেন। আসন্ন দুর্গাপূজার আগেই তাঁদের বিভিন্ন পদে মোতায়েন করা হবে।

এদিন ভবানী ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে প্রতি এক লক্ষ জনসংখ্যায় পুলিশকর্মীর সংখ্যা ১০৬ জন, যেখানে জাতীয় গড় ১৫৫। পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে শূন্যপদগুলিতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে বর্তমানে ৪৭ হাজার পদ খালি রয়েছে এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি) সংক্রান্ত জট কাটার পর এবার নিয়োগ প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে পুলিশকর্মীদের রেশন ভাতাতেও বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এতদিন যে রেশন ভাতা দেড় হাজার টাকা দেওয়া হতো, তা বাড়িয়ে এখন থেকে দুই হাজার টাকা করা হয়েছে।

এই কর্মসূচিতে নাগরিকদের বিভিন্ন অভিযোগ জানানোর জন্য চারটি টোল-ফ্রি নম্বরও চালু করা হয়। এই নম্বরগুলির মাধ্যমে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অভিযোগ জানানো যাবে। তবে কোনো ব্যক্তি মিথ্যা তথ্য দিলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) ধাঁচে রাজ্যে 'স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি' (এসআইএ) গঠন করা হবে বলেও ঘোষণা করেন তিনি। পুলিশকর্মীদের কাজের প্রশংসা করে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে, আইনের আওতায় থেকে তারা যেন পূর্ণ নিষ্ঠার সঙ্গে কাজ করে যান, রাজ্য সরকার সব সময় তাঁদের পাশে রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande