
শিলিগুড়ি, ২৭ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সোমবার উত্তরকন্যায় আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে অংশ নিতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান। দুই দিনের উত্তরবঙ্গ সফরের অঙ্গ হিসেবে মঙ্গলবার তিনি শিলিগুড়িতে 'বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'-র একটি বৈঠকেও উপস্থিত থাকবেন।
বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী সিএজি-র আমফান রিপোর্ট সংক্রান্ত অনিয়মের অভিযোগে মন্তব্য করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে বিধানসভায় বিস্তারিত আলোচনা করা হবে।
তিনি বলেন, প্রথমে পুরো রিপোর্টটি পড়তে দিন। আমরা ২৮টি রিপোর্ট পেয়েছি। সেগুলি বিধানসভার টেবিলে পেশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সকলকে আগে রিপোর্টটি পড়ে ও বুঝে মন্তব্য করা উচিত।
অর্থমন্ত্রী আরও যোগ করেন যে, বিধানসভায় রিপোর্টের প্রতিটি দিক নিয়ে আলোচনা করা হবে এবং তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।
বাগডোগরা থেকে তিনি সরাসরি শিলিগুড়ির উত্তরকন্যায় পৌঁছে প্রশাসনিক ও আর্থিক পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, কাজের অগ্রগতি এবং আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি