
মুম্বই, ২৭ জুলাই (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি সামাজিক মাধ্যমে এমন কিছু পোস্টের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, যেখানে তাঁকে ও তাঁর পরিবারকে 'ই২০' সংক্রান্ত ব্যবসার মুনাফার সঙ্গে যুক্ত করা হয়েছে। বোম্বে হাইকোর্টে দায়ের করা নীতিন গড়করির মামলা অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় থাকা বিতর্কিত বিষয়বস্তুর মধ্যে রয়েছে এমন সব পোস্ট, ডিপফেক ছবি ও ভিডিও—যেখানে তাঁকে এবং তাঁর পরিবারকে 'ই২০' ইথানল ব্লেন্ডিং কর্মসূচি থেকে প্রাপ্ত মুনাফার সঙ্গে জড়ানো হয়েছে। তাঁর দায়ের করা মামলায় এও উল্লেখ করা হয়েছে, ইথানল ব্লেন্ডিং নীতিটি পেট্রোলিয়াম মন্ত্রক দ্বারা পরিচালিত হচ্ছে। হাইকোর্ট তাঁকে মেটা, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অজ্ঞাতনামা সেই সব পক্ষের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করার অনুমতি দিয়েছে, যাদের বিরুদ্ধে নীতিন গড়করি ও তাঁর পরিবারের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ