
চণ্ডীগড়, ২৭ জুলাই (হি.স.): তীর্থযাত্রীদের নিয়ে বাবা বালকনাথ মন্দিরে যাচ্ছিল একটি যাত্রিবোঝাই বাস। হিমাচল প্রদেশের শাহ তালাইয়ের কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। উল্টে যায় পুরো বাসটি। রবিবার মাঝরাতের এই দুর্ঘটনায় দু'জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ৭ জন। দুর্ঘটনাগ্রস্ত বাসে ৩৫ জন তীর্থযাত্রী ছিলেন।
পঞ্জাবের অমৃতসর থেকে তাঁরা যাচ্ছিলেন হিমাচল প্রদেশের বাবা বালকনাথের মন্দিরে। রাত দেড়টা নাগাদ রাস্তা ফাঁকা ছিল। দ্রুত গতিতে ছুটছিল বাস। সেই সময়ে অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। আচমকাই বিকট শব্দে উল্টে যায় বাসটি। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় জখম হয়েছেন ৭ জন। তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চণ্ডীগড়ের পিজিআই-তে পাঠানো হয়েছে। বাকি দু’জনকে স্থানান্তর করা হয়েছে হামিরপুর মেডিক্যাল কলেজে। এছাড়া চার জন সামান্য আহত হয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ