উপকূলে বৃষ্টি; সমুদ্রে ঝোড়ো হাওয়া, আরও ঘনাল নিম্নচাপ
কলকাতা, ২৭ জুলাই (হি.স.): উপকূলে হচ্ছে বৃষ্টি, ঝোড়ো হাওয়া বইছে সমুদ্রে, সোমবার সকাল থেকে এমনই আবহাওয়া রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, নিম্নচাপ ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে। আগামী কয়েক ঘণ্টায় আরও খানিকটা ঘনিয়ে তা গভীর নিম
উপকূলে বৃষ্টি; সমুদ্রে ঝোড়ো হাওয়া, আরও ঘনাল নিম্নচাপ


কলকাতা, ২৭ জুলাই (হি.স.): উপকূলে হচ্ছে বৃষ্টি, ঝোড়ো হাওয়া বইছে সমুদ্রে, সোমবার সকাল থেকে এমনই আবহাওয়া রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, নিম্নচাপ ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে। আগামী কয়েক ঘণ্টায় আরও খানিকটা ঘনিয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে, কলকাতায় ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত নেই। শহরে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। তবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে ঝড়বৃষ্টি বেশি হবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সঙ্গে ঝড় হতে পারে সোমবার। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ চলবে। তবে তার পর বৃষ্টি কমতে পারে। নিম্নচাপ পরিস্থিতির কারণে সমুদ্র আপাতত উত্তাল রয়েছে। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি বেশি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande