ডিজিপি-র মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানিক সরকারের নেতৃত্বে সিপিআই(এম) রাজ্যপালের দ্বারস্থ
আগরতলা, ২৭ জুলাই (হি.স.) : ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটনে হাইকোর্টের কর্মরত বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়ে সোমবার রাজ্যপালের কাছে স্মারকলিপি দিল সিপিআই(এম)-এর পাঁচ সদস্যের একটি প্রত
রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)


আগরতলা, ২৭ জুলাই (হি.স.) : ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটনে হাইকোর্টের কর্মরত বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়ে সোমবার রাজ্যপালের কাছে স্মারকলিপি দিল সিপিআই(এম)-এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

প্রতিনিধি দলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর প্রবীণ নেতা শংকর প্রসাদ দত্ত, নরেশ জমাতিয়া, কৃষ্ণা রক্ষিত এবং রমা দাস। রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে তাঁরা ডিজিপি-র মৃত্যু সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন এবং নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করার দাবি জানান।

রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার বলেন, অনুরাগ ধনকর শুধু ত্রিপুরার নয়, দেশের অন্যতম সৎ ও নিষ্ঠাবান পুলিশ আধিকারিক ছিলেন। তাঁর মতো একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার মৃত্যু যে পরিস্থিতিতে হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং নজিরবিহীন। এই ঘটনার প্রকৃত সত্য সামনে আনা অত্যন্ত জরুরি।

তিনি স্মরণ করিয়ে দেন, ঘটনার পর থেকেই সিপিআই(এম) হাইকোর্টের কর্মরত বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়ে আসছে। হাসপাতালে উপস্থিত হয়েই দল সেই দাবি তুলেছিল। তাঁর মতে, রাজ্য সরকার যে তদন্ত কমিটি গঠন করেছে, তা নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে।

মানিক সরকার বলেন, রাজ্য সরকার তদন্ত কমিটি গঠন করেছে। তবে সেই কমিটি গঠনের আগে রাজ্যপালের সঙ্গে সরকারের কোনও আলোচনা হয়েছে কি না, তা আমাদের জানা নেই। কিন্তু কর্মরত হাইকোর্ট বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত করাতে রাজ্য সরকারের কোনও সাংবিধানিক বা প্রশাসনিক সীমাবদ্ধতা থাকার কথা নয়।

তিনি আরও বলেন, এমন একটি সংবেদনশীল ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনই একমাত্র পথ। এতে শুধু মৃত পুলিশ আধিকারিকের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত হবে না, সাধারণ মানুষের মধ্যেও প্রশাসনের প্রতি আস্থা বজায় থাকবে।

সিপিআই(এম) সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত দলের রাজ্য কমিটির বৈঠকে ডিজিপি-র মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তত্ত্বাবধানে তদন্তের দাবি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই সোমবার রাজ্যপালের কাছে প্রতিনিধি দলটি স্মারকলিপি জমা দেয়।

উল্লেখ্য, একই দিনে বিধানসভার প্রধান বিরোধী দলও পৃথকভাবে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়াত ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের কর্মরত বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছে। ফলে ডিজিপি-র রহস্যমৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে বিরোধী মহলের চাপ আরও জোরালো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande