
খোয়াই (ত্রিপুরা), ২৭ জুলাই (হি.স.) : গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানার পুলিশের অভিযানে সাফল্য। খোয়াই থানার অন্তর্গত তাঁতচৌমুহনী এলাকায় ১০৩২৩-এর চাকরিচ্যুত শিক্ষকের বাড়িতে হানা দিয়ে ৪৫ শিশি ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত পল্লব গোপকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অভিযুক্তের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ ছিল। সেই সূত্র ধরেই গোপন তথ্যের ভিত্তিতে তাঁতচৌমুহনী এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিতে বাড়ির ভেতর থেকে একের পর এক ফেনসিডিলের শিশি উদ্ধার হয়। উদ্ধার হওয়া ৪৫ শিশি ফেনসিডিল জব্দ করে পুলিশ।
অভিযানের পরই পল্লব গোপকে আটক করে খোয়াই থানায় নিয়ে যাওয়া হয়। তদন্তকারী পুলিশ আধিকারিক জানান, অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মাদক কোথা থেকে আনা হতো, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন প্রাক্তন শিক্ষক মাদক মামলায় ধরা পড়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও একইভাবে জারি থাকবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ