
জম্মু, ৩ জুলাই (হি.স.): শুক্রবার থেকে সূচনা হলো বার্ষিক অমরনাথ তীর্থযাত্রার। এদিন পুণ্যার্থীদের প্রথম দল বালতাল এবং নুনওয়ান (পহেলগাম) বেস ক্যাম্প থেকে দক্ষিণ কাশ্মীর হিমালয়ে অবস্থিত পবিত্র গুহা মন্দিরের উদ্দেশে রওনা হয়েছে। পাশাপাশি, ৩ হাজার ৮৬৫ জন তীর্থযাত্রীদের দ্বিতীয় দল কড়া নিরাপত্তার মধ্যে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, দফায় দফায় বৃষ্টি হচ্ছে। তা সত্ত্বেও ৪৮ কিলোমিটার দীর্ঘ নুনওয়ান-পহেলগাম ও ১৪ কিলোমিটার দীর্ঘ বালতাল রুটে ভোরবেলা যাত্রা শুরু হয়েছে। পুণ্যার্থীদের এই দলে পুরুষ, মহিলারা ছাড়াও আছেন সাধু-সাধ্বীরা। এই দলে ২ হাজার ৯৬৫ জন পুরুষ, ৬১৮ জন মহিলা, ২৩০ জন সাধু, ৪৮ জন সাধ্বী এবং চারজন শিশু রয়েছে। তীর্থযাত্রীদের দ্বিতীয় দল জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কড়া নিরাপত্তার মধ্যে রওনা হয়েছে। জানা গেছে, এদিন বালতাল রুটের জন্য ১ হাজার ৭৩৫ জন পুণ্যার্থী ভোররাত ৩টে ১৩ মিনিটে রওনা হন। আর পহেলগাম রুটে ২ হাজার ১৩০ জন পুণ্যার্থী ভোররাত ৩টে ৩৮ মিনিটে রওনা হন।
বার্ষিক এই যাত্রাকে নিরাপদ ও মসৃণভাবে পরিচালনা করার জন্য বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, সিআরপিএফ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার জওয়ানদের মোতায়েন করা হয়েছে। ৫৭ দিন ধরে চলা এই যাত্রা ২৮ আগস্ট সম্পন্ন হবে। শুক্রবার দ্বিতীয় দল রওনা হওয়ায় গত দু'দিনে মোট ৮,৬৮৭ জন তীর্থযাত্রী বার্ষিক অমরনাথ যাত্রার জন্য জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা হয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ