
পাটনা, ৩ জুলাই (হি.স.) : পাটনার খান গ্লোবাল স্টাডিজের কর্ণধার ফয়জল খান ওরফে খান স্যারের আগাম জামিনের আবেদনের শুনানি শুক্রবার পিছিয়ে গেল। জেলা ও দায়রা বিচারক ছুটিতে থাকায় পাটনা সিভিল কোর্টে মামলার শুনানি হয়নি। আগামী ৭ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে।
শুক্রবার ফয়জল খানের পাশাপাশি এই মামলার অন্য অভিযুক্তদের আগাম জামিনের আবেদনও শুনানির তালিকায় ছিল। তবে বিচারকের অনুপস্থিতির কারণে কোনও আবেদনেই শুনানি সম্ভব হয়নি। আদালত সবকটি আবেদনের শুনানির জন্য ৭ জুলাই নতুন দিন ধার্য করেছে।
এর আগে ৩০ জুনের শুনানিতে আদালত ঘটনায় ব্যবহৃত অস্ত্রের নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেদিন সরকারি আইনজীবী আদালতে দাবি করেন, ঘটনার সময় ফয়জল খানের নিরাপত্তায় থাকা দুই নিরাপত্তারক্ষীর কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ছিল। সেই দাবির ভিত্তিতে আদালত পুলিশ ও সংশ্লিষ্ট পক্ষকে অস্ত্র সংক্রান্ত সমস্ত নথি জমা দিতে নির্দেশ দেয়।
উল্লেখ্য, গত ২ জুন রাতে পাটনার খান গ্লোবাল স্টাডিজ কোচিং সেন্টারে পাথর ছোড়া, মারধর ও গুলিচালনার ঘটনাকে কেন্দ্র করে এই মামলা দায়ের হয়। পুলিশি তদন্তে দাবি করা হয়েছে, ঘটনার সময় নিরাপত্তারক্ষীরা চার রাউন্ড গুলি চালিয়েছিলেন এবং তা ফয়জল খানের নির্দেশেই করা হয়েছিল। তদন্তের পর ওই মামলার এফআইআরে তাঁর নামও অভিযুক্ত হিসেবে যুক্ত করা হয়।
এর আগে একই মামলায় জ্ঞান বিন্দু কোচিংয়ের কর্ণধার রৌশন আনন্দ ও তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করা হলেও পরে আদালত থেকে জামিন পান তাঁরা। এবার ৭ জুলাই খান স্যারের আগাম জামিনের শুনানির দিকেই নজর রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য