
ভুবনেশ্বর, ৩ জুলাই (হি.স.): ওড়িশা সরকার জাপানের সঙ্গে তাদের কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে। জাপানের আইএইচআই কর্পোরেশন এবং এসিএমই গ্রুপ-এর সঙ্গে ৬৭ হাজার কোটি টাকার বিনিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মেমোরেন্ডাম অফ কোঅপারেশন (এমওসি) স্বাক্ষর করেছে ওড়িশা সরকার। এই বিনিয়োগের ফলে রাজ্যে গ্রিন এনার্জি, উৎপাদন এবং শিল্প উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। ওড়িশা সরকারের আয়োজিত 'ইন্টারঅ্যাকশন উইথ জাপানিজ বিজনেস ডেলিগেটস' অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রস্তাবিত এই বিনিয়োগের ফলে প্রায় ৭ হাজার প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, শিল্প ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী সম্পদ চন্দ্র সোয়াইন-সহ রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা, জাপানি দূতাবাস এবং বেশ কয়েকটি শীর্ষস্থানীয় জাপানি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, জাপান ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য উন্নয়ন ও বিনিয়োগ অংশীদার। এই চুক্তি ওড়িশার শিল্প উন্নয়নের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে। সেইসঙ্গে 'সমৃদ্ধ ওড়িশা-২০৩৬' ও 'বিকশিত ভারত-২০৪৭'-এর লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ