
নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): রাম জন্মভূমি মন্দিরে দান চুরির ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। সেইসঙ্গে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে সংঘ। মন্দিরের ব্যবস্থাপক শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে সংঘ স্মরণ করিয়ে দিয়েছে, হিন্দু সমাজ আশা করে, ব্যবস্থাপনা ও পরিচালনার খামতিগুলো দূর করা হবে। সংঘ হিন্দু সম্প্রদায়কে ধৈর্য ও সংযম বজায় রাখার আবেদন জানিয়েছে। পরিস্থিতির সুযোগ নিয়ে হিন্দু ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ব্যর্থ করার আহ্বানও জানিয়েছে।
সংঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে শুক্রবার এক ভিডিও বার্তায় বলেন, অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনাটি দুর্ভাগ্যজনক। এতে সমগ্র সমাজ এবং রামভক্তদের আবেগ ও বিশ্বাসে আঘাত করেছে। তিনি বলেন, ট্রাস্টের কাছে সংঘ–সহ সমগ্র হিন্দু সম্প্রদায়ের প্রত্যাশা হলো, এই নিন্দনীয় ঘটনাটিকে সাধারণ ঘটনা হিসেবে না দেখে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হোক। সেইসঙ্গে ব্যবস্থাপনা ও পরিচালনার সমস্ত খামতি দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। রাম মন্দিরের প্রতি কোটি কোটি রামভক্তের আস্থা ও বিশ্বাস অটুট এবং অবিচল থাকা উচিত। বর্তমানের বিভ্রান্তি ও সংশয়ের পরিবেশের অবসান হওয়া দরকার। তিনি বলেন, এই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রত্যাশা, মন্দির কর্তৃপক্ষ এবং প্রশাসন কর্তৃক গঠিত বিশেষ তদন্তকারী দল সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, আর্থিক ব্যবস্থাপনা ও সুষ্ঠু পরিচালনার জন্য একটি স্বচ্ছ ব্যবস্থা প্রতিষ্ঠা করে এবং পবিত্র ও শুদ্ধ ধর্মীয় পরিবেশ তৈরি করে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট হিন্দু সমাজের আস্থা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় রাখবে। তিনি আরও বলেন, সংঘ সমগ্র হিন্দু সমাজের কাছেও আহ্বান জানাচ্ছে যেন এই কঠিন মুহূর্তে তারা ধৈর্য ও সংযমের পরিচয় দেয়। এই দুর্ভাগ্যজনক ঘটনার সুযোগ নিয়ে হিন্দু ধর্ম ও সমাজকে কলঙ্কিত করার জন্য হিন্দুবিরোধী ও রাষ্ট্রবিরোধী শক্তিগুলোর চক্রান্তকে ব্যর্থ করে দেওয়ার আবেদন জানান তিনি।
হোসবালে বলেন, রাম জন্মভূমিতে নির্মিত এই বিশাল মন্দিরটি বহু প্রজন্মের সংগ্রাম এবং কোটি কোটি রামভক্তের সমর্পণ, আত্মত্যাগের কারণে সমগ্র হিন্দু সমাজের জন্য শ্রদ্ধা, আস্থা ও ভক্তির কেন্দ্রে পরিণত হয়েছে। ট্রাস্টের অনুরোধে উত্তর প্রদেশ সরকার একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে তার সুপারিশের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু করেছে। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে, তাদের যেন কঠোর শাস্তি নিশ্চিত করা অত্যন্ত আবশ্যক।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ