
ভাগলপুর, ৩ জুলাই (হি.স.) : বিহারের নওগাছিয়া মহকুমার ভবানীপুর থানা এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে শুক্রবার ভয়াবহ দুর্ঘটনায় দুই শিশু–সহ তিনজনের মৃত্যু হয়েছে। একই পরিবারের আরও সাতজন আহত হয়েছেন। বালিবোঝাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি মাটির বাড়ির ওপর উল্টে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি খাগাড়িয়ার দিক থেকে এসে ভবানীপুর থানার সামনে পৌঁছতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ট্রাকটি রাস্তার ধারের মাটির বাড়ির ওপর উল্টে যায়। দুর্ঘটনার সময় বাড়ির ভিতরে পরিবারের একাধিক সদস্য ছিলেন। তাঁরা ট্রাক ও বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে ভবানীপুর থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ধ্বংসস্তূপে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন ইন্দু দেবী (৪০), নীরজ কুমার (২২), গুড্ডু মালিক (২৮), কারে মালিক (১৪), মমতা কুমারী (১৭), স্বপ্না কুমারী (১২), মৌসম কুমারী (২০) এবং সাত মাসের প্রীতম কুমার। তাঁদের প্রথমে নারায়ণপুর কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়। গুরুতর আহত ইন্দু দেবীকে পরে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুরের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (মায়াগঞ্জ হাসপাতাল)-এ স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় দুই শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ চাপা পড়ে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকারী দল তল্লাশি চালিয়ে যাচ্ছে।
ঘটনার জেরে ক্ষুব্ধ গ্রামবাসীরা নারায়ণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। তাঁরা প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অবরোধের জেরে জাতীয় সড়কের দু'দিকে যানজট তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে ভবানীপুর থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা গ্রামবাসীদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে তদন্তও শুরু হয়েছে। প্রাথমিকভাবে ট্রাকের নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার কারণ বলে মনে করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস