
মুম্বই, ৩ জুলাই (হি.স.) : টানা তিন দিনের মুষলধারে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই ও সংলগ্ন এলাকার জনজীবন। শুক্রবারও প্রবল বর্ষণে শহরের একাধিক নিম্নাঞ্চলে জল জমেছে। পরিস্থিতির জেরে পুণে ও রায়গড় জেলায় লাল সতর্কতা এবং মুম্বই, থানে, পালঘর-সহ কোঙ্কণ, বিদর্ভ ও মধ্য মহারাষ্ট্রের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মুম্বই, কোঙ্কণ, বিদর্ভ এবং মধ্য মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আইএমডি জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা মুম্বইয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তাই অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।
বিদর্ভের বুলঢানা, আকোলা ও অমরাবতী জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে সিন্ধুদুর্গ, নন্দুরবার, ধুলে, জলগাঁও, নাসিক ও ছত্রপতি সম্ভাজীনগরে হলুদ সতর্কতা জারি হয়েছে। এছাড়া আহিল্যানগর, জালনা, বিড, পরভানি, ওয়াশিম, ওয়ার্ধা, নাগপুর, ভান্ডারা, গন্ডিয়া, চন্দ্রপুর ও গড়চিরোলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মুম্বইয়ে শুক্রবার সকাল থেকেই টানা ভারী বৃষ্টি চলছে। অন্ধেরি, জোগেশ্বরী, গোরেগাঁও, মালাড, কান্দিভলি, বোরিভলি, দহিসর, ভিলে পার্লে, সান্তাক্রুজ ও বান্দ্রা-সহ একাধিক এলাকায় প্রবল বর্ষণ হয়েছে। বিভিন্ন নিম্নাঞ্চলে জল জমতে শুরু করায় পরিবহণ ব্যবস্থাও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর আবেদন জানানো হয়েছে। মুম্বইয়ে কমলা সতর্কতা এবং থানে, পালঘর ও রায়গড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে মোট ২০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মালাবার হিলে ১৪৬ মিমি, ফোর্টে ১৩৯ মিমি, অন্ধেরিতে ১৩৬ মিমি, ভারসোভায় ১২৯ মিমি, পাওয়াইয়ে ১২৪ মিমি, মানখুর্দে ১১৮ মিমি, ভান্ডুপে ১১৬ মিমি এবং মুলুন্ডে ১১৫ মিমি বৃষ্টি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য