টেলিগ্রামকে কড়া নির্দেশ কেন্দ্রের, পাইরেসি রুখতে ১৫ দিনের মধ্যে রিপোর্ট চাইল সরকার
নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.) : পাইরেসির বিরুদ্ধে নিজস্ব উদ্যোগে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পাইরেটেড সিনেমা ও ওটিটি কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলা, সেগুলির শনাক্তকরণ আ
টেলিগ্রামকে কড়া নির্দেশ কেন্দ্রের, পাইরেসি রুখতে ১৫ দিনের মধ্যে রিপোর্ট চাইল সরকার


নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.) : পাইরেসির বিরুদ্ধে নিজস্ব উদ্যোগে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পাইরেটেড সিনেমা ও ওটিটি কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলা, সেগুলির শনাক্তকরণ আরও জোরদার করা এবং নিয়মিত কপিরাইট লঙ্ঘনকারী চ্যানেল ও গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার সরকারি সূত্রে জানা গিয়েছে, টেলিগ্রামকে তাদের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা এবং পাইরেসি-বিরোধী পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে। নোটিসে স্পষ্ট করা হয়েছে, কপিরাইট আইন, ১৯৫৭ এবং সিনেমাটোগ্রাফ আইন, ১৯৫২ অনুযায়ী ভারতে কপিরাইট লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। দেশীয় চলচ্চিত্র ও ওটিটি শিল্পের স্বার্থ রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে পাইরেটেড কনটেন্ট ছড়ানো তিন হাজারেরও বেশি টেলিগ্রাম চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল কেন্দ্র। তথ্যপ্রযুক্তি আইন ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী মধ্যস্থতাকারী হিসেবে টেলিগ্রামের যথাযথ সতর্কতা অবলম্বনের আইনি বাধ্যবাধকতার কথাও স্মরণ করিয়ে দিয়েছে সরকার।

মন্ত্রকের বক্তব্য, সরকার প্রতিটি পাইরেসি চ্যানেল আলাদাভাবে চিহ্নিত করে দেবে—এমন অপেক্ষায় টেলিগ্রাম বসে থাকতে পারে না। প্ল্যাটফর্মে পাইরেটেড কনটেন্ট অব্যাহত থাকা, নির্দেশ পালনে গড়িমসি বা অসম্পূর্ণ জবাব দিলে প্রযোজ্য আইনে আরও কঠোর তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande