রামমন্দিরে দান চুরির ঘটনায় বড়দের আড়াল করা হচ্ছে, সরকারকে জবাবদিহির দাবি কংগ্রেসের
নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.) : অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে দান চুরির অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। দলের অভিযোগ, কোটি কোটি টাকার এই কথিত দুর্নীতির ঘটনায় শুধুমাত্র নিম্নস্তরের কর্মীদের বিরুদ্ধে ব্যবস
রামমন্দিরে প্রণামী চুরির ঘটনায় বড়দের আড়াল করা হচ্ছে, সরকারকে জবাবদিহির দাবি কংগ্রেসের


নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.) : অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে দান চুরির অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। দলের অভিযোগ, কোটি কোটি টাকার এই কথিত দুর্নীতির ঘটনায় শুধুমাত্র নিম্নস্তরের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, অথচ প্রকৃত দায়ীদের আড়াল করা হচ্ছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে কংগ্রেস।

শনিবার কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে উত্তরপ্রদেশ কংগ্রেস বিধায়ক দলের নেত্রী আরাধনা মিশ্র 'মোনা' বলেন, রামমন্দিরে দান চুরির অভিযোগ দেশের কোটি কোটি রামভক্তের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। অথচ এই ঘটনায় শুধুমাত্র নিচুতলার কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে, ট্রাস্টের শীর্ষ কর্তাদের ভূমিকা নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে গঠিত ট্রাস্টের মাধ্যমে রামমন্দির নির্মিত হয়েছে। তাই এই ঘটনার দায় এড়াতে পারে না কেন্দ্র সরকার। ট্রাস্টের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কেন এফআইআর দায়ের করা হয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি।

আরাধনা মিশ্রের দাবি, যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের নিয়োগ ট্রাস্টের দেওয়া তালিকার ভিত্তিতে ভারতীয় স্টেট ব্যাঙ্কের মাধ্যমে একটি সংস্থার সাহায্যে করা হয়েছিল। নিয়োগ প্রক্রিয়া ও প্রার্থীদের যাচাই-বাছাই নিয়ে ওঠা প্রশ্নেরও কোনও সন্তোষজনক উত্তর দেওয়া হচ্ছে না।

কংগ্রেস নেত্রীর অভিযোগ, কোটি টাকার দান আত্মসাতের অভিযোগ সামনে এলেও ইডি, আয়কর দফতর বা কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কোনও সক্রিয়তা দেখা যাচ্ছে না। তদন্তকে শুধুমাত্র নিম্নস্তরের কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে রামমন্দির সংক্রান্ত জমি কেনাবেচা নিয়েও প্রশ্ন উঠেছিল। এবার দান চুরির অভিযোগ সামনে আসায় দেশের মানুষের মনে নতুন করে সংশয় তৈরি হয়েছে। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

আরাধনা মিশ্র বলেন, রামমন্দির কোটি কোটি মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক। তাই এই মন্দিরকে ঘিরে ওঠা যে কোনও অভিযোগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাঁর অভিযোগ, এই গুরুতর ইস্যুতে সরকার নীরব রয়েছে, অথচ দেশের মানুষ সত্য জানতে চাইছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande