
নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.) : দিল্লির যন্তর-মন্তরে টানা সাত দিন ধরে অনশনে থাকা পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে বলে দাবি করেছেন তাঁর সমর্থকরা। তাঁদের অভিযোগ, ওয়াংচুকের ওজন ইতিমধ্যেই প্রায় পাঁচ কিলোগ্রাম কমেছে এবং রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রাও স্বাভাবিকের তুলনায় অনেক নিচে নেমে গিয়েছে।
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শনিবার এক্স-এ পোস্ট করে জানান, প্রতিদিনই ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, এত কিছুর পরও কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এখনও পদ থেকে সরানো হচ্ছে না? তাঁর অভিযোগ, পরীক্ষায় অনিয়মের জেরে পড়ুয়াদের মৃত্যু হলেও সরকার কোনও জবাবদিহি করছে না।
অভিজিৎ দীপকে আরও দাবি করেন, সোনম ওয়াংচুক স্পষ্ট জানিয়েছেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত বা সরকার তাঁকে অপসারণ না করা পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না। তাঁর অভিযোগ, অনশনকারীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তার সম্পূর্ণ দায় কেন্দ্র সরকারের ওপর বর্তাবে।
যন্তর-মন্তরে গত ১৫ দিন ধরে সিজেপি-র নেতৃত্বে পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে আন্দোলন চলছে। নিট-সহ বিভিন্ন পরীক্ষায় দুর্নীতির নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের সমর্থনে গত সাত দিন ধরে আমরণ অনশনে রয়েছেন সোনম ওয়াংচুক। একইসঙ্গে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র ছয় ছাত্রও পৃথক মঞ্চে অনশন চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার গভীর রাতে এক্স-এ করা একটি পোস্টে ওয়াংচুক লাদাখ ইস্যুতে কেন্দ্র ও লাদাখের প্রতিনিধিদের মধ্যে অগ্রগতিকে স্বাগত জানিয়ে বলেন, এবার সরকারের উচিত শিক্ষাক্ষেত্রে জবাবদিহির বিষয়েও সমান গুরুত্ব দেওয়া। তাঁর এই মন্তব্য আসে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের বৈঠকে অচলাবস্থা কাটার পর।
এদিকে, সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবি, বৃন্দা কারাত, সিপিআই নেতা ডি রাজা, সিপিআই(এমএল) লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্য, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, আইনজীবী প্রশান্ত ভূষণ, তথ্যের অধিকার কর্মী নিখিল দে, তৃণমূল কংগ্রেসের সাংসদ সাগরিকা ঘোষ ও মহুয়া মৈত্র-সহ একাধিক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।
তবে সোনম ওয়াংচুকের স্বাস্থ্য সংক্রান্ত দাবি বা তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি সংস্থা বা চিকিৎসক দলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য