তৃতীয়বার বিবাহবন্ধনে আমির খান, দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন ঘরোয়া অনুষ্ঠানে
মুম্বই, ৫ জুলাই (হি.স.) : দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। রবিবার মুম্বইয়ের পালি হিলে নিজের বাসভবনে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে বিশেষ বিবাহ আইন (স্পেশাল ম্যারেজ
তৃতীয়বার বিবাহবন্ধনে আমির খান, দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন ঘরোয়া অনুষ্ঠানে


মুম্বই, ৫ জুলাই (হি.স.) : দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। রবিবার মুম্বইয়ের পালি হিলে নিজের বাসভবনে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে বিশেষ বিবাহ আইন (স্পেশাল ম্যারেজ অ্যাক্ট)-এর আওতায় রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। প্রবল বর্ষণের মধ্যেও অত্যন্ত সীমিত পরিসরে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই অনুষ্ঠান। পরে দুই পরিবার নবদম্পতির নতুন জীবনের সূচনাকে ঘিরে ঘরোয়া আয়োজনের মধ্যেই আনন্দ ভাগ করে নেন।

বিয়ের অনুষ্ঠানকে সম্পূর্ণ ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন আমির ও গৌরী। তাই কোনও বিলাসবহুল হোটেল বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিবর্তে নিজের বাড়িতেই বিয়ের আয়োজন করেন অভিনেতা। সূত্রের খবর, অনুষ্ঠানে মাত্র ১০০ থেকে ১৫০ জন নির্বাচিত অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অতিথি তালিকা থেকে শুরু করে মধ্যাহ্নভোজের মেনু পর্যন্ত প্রতিটি বিষয়েই ব্যক্তিগতভাবে নজর রাখেন আমির ও গৌরী। অভিনেতা আগেই জানিয়েছিলেন, এই বিশেষ দিনটিকে তিনি শুধুই পারিবারিক অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান।

রবিবার সকাল থেকেই আমির খানের বাড়ির বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভিড় দেখা যায়। অনুষ্ঠানে পরিচালক আশুতোষ গোয়ারিকর-সহ আমিরের একাধিক ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। বিভিন্ন সূত্রের দাবি, নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আম্বানি পরিবারের কয়েকজন সদস্যও সেখানে পৌঁছেছিলেন।

আমির খানের ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় অধ্যায়। ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। তাঁদের দুই সন্তান জুনায়েদ ও আইরা। ২০০২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাঁদের এক পুত্রসন্তান আজাদ। ২০২১ সালে কিরণের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করলেও দু'জনেই পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখেছেন এবং সন্তানের অভিভাবকত্বের দায়িত্ব যৌথভাবে পালন করছেন।

এবার গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবন শুরু করে জীবনের আরও এক নতুন অধ্যায়ে পা রাখলেন আমির খান। তাঁর এই ঘরোয়া বিয়ে নিয়ে ইতিমধ্যেই বলিউডে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande