
মুম্বই, ৫ জুলাই (হি.স.): বৃষ্টি হয়েই চলেছে বাণিজ্যনগরী মুম্বইয়ে। রবিবারও তুমুল বৃষ্টি হয়েছে মুম্বইজুড়ে। মুম্বইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের পুণে-তেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। মুম্বইয়ের আকাশ এদিন সকালে ছিল মেঘাচ্ছন্ন। ওরলি-সহ শহরের বিভিন্ন জায়গায় অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত। গত পাঁচ দিন ধরে একটানা ভারী বৃষ্টিপাতের ফলে লোনাভালা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শহরজুড়ে ব্যাপক জল জমে রয়েছে।
রবিবার সকালে মুম্বইয়ে বৃষ্টি অব্যাহত থাকে, একইসঙ্গে দমকা হাওয়া বইতে থাকে। মুম্বইয়ে ভারী বৃষ্টিপাত ও ‘রেড অ্যালার্ট’ জারির মধ্যে কুরলা টার্মিনাসের কাছে জল জমে যাওয়ার খবর পাওয়া গেছে। রাস্তায় জল জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে এবং ওই এলাকার যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন। মহারাষ্ট্রের পুণে জেলার মাওয়াল তালুকাতেও প্রবল বৃষ্টিপাত হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১০ জুলাই পর্যন্ত পুরো জেলাজুড়ে আকাশ মূলত মেঘলা থাকবে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ