
কলকাতা, ৯ জুলাই (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিই প্রত্যাশিত। উত্তরবঙ্গে অবশ্য ১০ জুলাই, শুক্রবার পর্যন্ত ভারী থেকে ওই ভারী বৃষ্টি হতে পারে। মূলত পাহাড়ঘেঁষা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিই হবে। তাপমাত্রায় বিশেষ হেরফেরও হবে না। তবে, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ