
কলকাতা, ১১ আগস্ট (হি.স.): দেশে এক অশুভ অসুরি শক্তি মানুষের মধ্যকার পারস্পরিক বিভেদ ও অনৈক্যের সুযোগ নিয়ে শক্তিশালী হয়ে উঠেছে এবং যে দিন ভারতের সমগ্র সমাজ একতাবদ্ধ হবে, সে দিনই এই অশুভ শক্তি সম্পূর্ণ পরাজিত হবে— মঙ্গলবার কলকাতায় এমনই তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রাক্তন সরকার্যবাহ তথা অখিল ভারতীয় কার্যকারী সদস্য সুরেশ ‘ভাইয়াজী’ জোশী। তিনি জোর দিয়ে বলেন, ভারতের আসল শক্তি নিহিত রয়েছে এর বৈচিত্র্যের মধ্যে একতা এবং যৌথ সাংস্কৃতিক চেতনার মধ্যে।
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস -এর সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত বিশেষ সভায় বিশিষ্ট লেখক তরুণ বিজয়ের নতুন গ্রন্থ ‘স্যাফরন সার্জ: মেকিং অব আ ব্রেভ, নিউ ভারত’-এর আনুষ্ঠানিক উন্মোচন করে এ কথা বলেন তিনি।
বইটি প্রসঙ্গে ভাইয়াজী জোশী বলেন, এই বইটি কোনো সাময়িক বা সাধারণ তরঙ্গের কথা বলে না, বরং এটি এমন এক সাংস্কৃতিক ও আদর্শিক প্রবাহের প্রকাশ যা চিরকাল বহমান থাকবে। তিনি উল্লেখ করেন, বর্তমান ভারত আজ এমন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, যেখানে দেশের হারিয়ে যাওয়া সুপ্রাচীন ঐতিহ্য ও পরম গৌরব স্বমহিমায় ফিরে আসছে।
ভারতীয় সনাতন সংস্কৃতির চিরন্তন 'দেবাসুর সংগ্রাম'-এর ভাবধারার কথা উল্লেখ করে তিনি শ্রীরামচন্দ্রের জীবন দর্শনের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, শ্রীরামের সমগ্র জীবন ছিল প্রতিকূলতা ও সংগ্রামে পূর্ণ, কিন্তু তিনি কখনোই অন্যায়ের সামনে নতি স্বীকার করেননি। একইভাবে বর্তমান ভারতবর্ষকেও সমস্ত অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জ দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি