
কলকাতা, ১১ আগস্ট (হি স)। রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়াকে গতিশীল, স্বচ্ছ ও সময়ের মধ্যে করতে প্রশাসনিক সংস্কারের পথে হাঁটল রাজ্য সরকার। মঙ্গলবার নিয়োগকারী সংস্থাগুলির সঙ্গে বিশেষ বৈঠকের পর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-কে কেন্দ্র করে একাধিক যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এ বার থেকে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং কো-অপারেটিভ সার্ভিস কমিশনের অধীনস্থ যাবতীয় নিয়োগের দায়িত্বও পিএসসি-র একচ্ছত্র এক্তিয়ারভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩০ জুলাই মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন পর্যালোচনা বৈঠকে ফল প্রকাশ ও আটকে থাকা পরীক্ষা দ্রুত নিষ্পত্তির যে নির্দেশ দেওয়া হয়েছিল, তারই বাস্তবায়নে এই রূপরেখা তৈরি হল।
বর্তমানে স্ক্রিনিং, প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার বিভিন্ন ধাপে থাকা প্রায় ১২.৬৫ লক্ষ পরীক্ষার্থীর অপেক্ষমাণ ফলাফল দ্রুত প্রকাশ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে কমিশন। এর পাশাপাশি, শিগগিরই আরও প্রায় ৮,০০৬টি নতুন শূন্যপদে নিয়োগের বিজ্ঞাপন জারি করতে চলেছে পিএসসি। গত ১৬ মে সরকারের ঘোষিত নির্দেশিকা অনুযায়ী চাকরিপ্রার্থীরা এতে বর্ধিত বয়সের বিশেষ ছাড়ের সুবিধাও পাবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত