
কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): রাজ্যে ‘অন্নপূর্ণা যোজনা’-র আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া সোমবার শুরু হয়েছে। বহু সংখ্যক নতুন উপভোক্তাকে যুক্ত করে অন্নপূর্ণা যোজনার তৃতীয় পর্যায়ের অর্থ প্রদান শুরু হয় এদিন। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত আরোপ ও নিয়মবিধি শিথিল করা হয়েছে। এই ধাপে বহু নতুন নাম যুক্ত করা হয়েছে এবং আগের বাদ পড়া বা স্থগিত থাকা পেমেন্টগুলোও এই দফায় মেটানো হচ্ছে।
নবান্নে যৌথ সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ও তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানান, ১৭ থেকে ২০ আগস্টের মধ্যে প্রথম দফায় ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে। সরকারি তথ্য অনুযায়ী, মোট ১ কোটি ৬২ লক্ষ আবেদন যাচাই করা হয়েছে। তার মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ আবেদন অনুমোদিত হয়েছে। বাকি প্রায় ১৭ লক্ষ আবেদন প্রাথমিক পর্যায়েই বাতিল হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ