
কলকাতা, ১৮ আগস্ট (হি স)। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় এক অনুষ্ঠানে দেশীয় প্রজাতির লম্বা নারকেল গাছের চারা রোপণ করলেন। তিনি বলেন, নারকেল ও সুপারি গাছ বজ্রপাতপ্রবণ এলাকায় প্রাকৃতিক বজ্রনিরোধক শলাকা হিসেবে কাজ করে।
তিনি জানান, তাঁর সরকারের ১০১ দিনের মেয়াদে ইতিমধ্যেই বজ্রপাতে রাজ্যে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। গত বছর কলকাতার ময়দানেও বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছিল। শহরের বহু ভবনে নামকাওয়াস্তে বজ্রনিরোধক শলাকা থাকলেও সেগুলি নিষ্ক্রিয় বলে অভিযোগ। পুলিশ, দমকল, পিডব্লুডি এবং কেএমসি-কে যৌথভাবে পরিদর্শন করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
প্রসঙ্গত, দেশীয় প্রজাতির লম্বা জাতের নারকেল গাছ এখানের আবহাওয়ায় খুবই উপযোগী এবং দীর্ঘস্থায়ী। এই গাছগুলো সাধারণত উচ্চতায় ১৫ থেকে ১৮ মিটার বা তার বেশি হয়। গাছ লাগানোর ৬ থেকে ৮ বছর পর থেকে নিয়মিত ফলন দিতে শুরু করে এবং একটি পূর্ণাঙ্গ গাছ প্রায় ৬০ থেকে ৯০ বছর পর্যন্ত বেঁচে থাকে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত