
শিলিগুড়ি, ১৭ আগস্ট (হি স)। সোমবার সকালে শিলিগুড়ির প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সেবক রোড সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।
ওই প্লাস্টিক কারখানায় আচমকাই আগুন লেগে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে কারখানার ভিতরে থাকা প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী এবং প্লাস্টিক দানার বস্তায়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ।
পাশাপাশি দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কারখানার ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শহরের বিভিন্ন প্রান্ত থেকেও আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যায়।
কারখানার পাশেই রয়েছে আরও একাধিক কারখানা ও গুদাম। ফলে আগুন পাশের কারখানা ও গুদামে ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিক ও স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে দমকল কর্মীরা প্রথম থেকেই পার্শ্ববর্তী কারখানা ও গুদামগুলিতে আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেই ব্যবস্থা করেন। নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত