
হরিশ্চন্দ্রপুর,, ১৭ আগস্ট (হি.স.): পরিচয়পত্র ছাড়া কলেজে প্রবেশকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠল মালদার হরিশ্চন্দ্রপুর কলেজ। বচসা গড়ায় হাতাহাতিতে। এভিবিপির পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এসএফআইয়ের বিরুদ্ধে। পাল্টা এভিবিপির সদস্যদের বিরুদ্ধে সাধারণ ছাত্রদের একাংশকে মারধরের অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, সোমবার পরিচয়পত্র ছাড়া এক সাধারণ ছাত্র কলেজে প্রবেশ করতে গেলে এভিবিপির সদস্যরা তাঁকে বাধা দেন। এরপরই ছাত্রদের একাংশ প্রশ্ন তোলেন, পরিচয়পত্র ছাড়া প্রবেশের বিষয়টি দেখার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের, সেখানে রাজনৈতিক সংগঠনের সদস্যরা কেন বাধা দেবেন। এই বিষয়কে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়।
সাধারণ ছাত্রদের একাংশের অভিযোগ, এভিবিপির সদস্যরা বাইরে থেকে লোকজন নিয়ে এসে তাঁদের মারধর করেন। অন্যদিকে এভিবিপির দাবি, সচিত্র পরিচয়পত্র ছাড়া কলেজে প্রবেশের প্রতিবাদ করায় এসএফআই তাদের পোস্টার ছিঁড়ে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন এসএফআইয়ের মুখোশ পরে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। পাল্টা সিপিআইএমের দাবি, বিজেপিই কলেজে তৃণমূলের সংস্কৃতি নিয়ে এসেছে এবং সাধারণ ছাত্রদের উপর হামলা করছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়