
দক্ষিণ ২৪ পরগনা, ১৭ আগস্ট (হি.স.): বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে রবিবার রাতভর অঝোর বৃষ্টিতে ভাসল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমা। একটানা ভারি বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। ব্যাহত জনজীবন, সকাল থেকেই এখানে রাস্তাঘাট কার্যত শুনশান।
সোমবার জানা গেছে, ডায়মন্ড হারবারের একাধিক ওয়ার্ডে জমেছে হাঁটু সমান জল। বেশ কিছু নিচু এলাকায় জল ঢুকে পড়েছে বসতবাড়ি এবং দোকানেও। এর ফলে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শহরের মূল সড়ক থেকে গলি পথ— সবই এখন জলমগ্ন। জমা জলের কারণে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল, ফলে ভোগান্তির একশেষ নিত্যযাত্রী এবং স্কুল-কলেজের পড়ুয়াদের।
জলযন্ত্রণা তীব্র আকার ধারণ করেছে মহকুমার গ্রামীণ অঞ্চলেও। রায়দিঘি, মন্দিরবাজার ও কুলপির বিস্তীর্ণ অংশ সোমবার জলে থইথই করছে। জমা জলের পাশাপাশি দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। জানা গিয়েছে, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় টানা ১৬ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সংকট-সহ অন্যান্য দৈনন্দিন সমস্যায় পড়েছেন এলাকার মানুষ।
নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। দ্রুত পাম্প চালিয়ে জমা জল বের করার দাবি জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং দ্রুত জল সরানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ