শ্রাবণের শেষ সোমবারে বক্রেশ্বরে জনজোয়ার, দীর্ঘ লাইনে শিবভক্তরা
বীরভূম, ১৭ আগস্ট (হি.স.): শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে ভক্তদের ঢলে জমজমাট হয়ে উঠল বীরভূমের ঐতিহ্যবাহী বক্রেশ্বর শিবক্ষেত্র। বাবা বক্রনাথের মাথায় পবিত্র জল ঢেলে পুজো দেওয়ার উদ্দেশ্যে রাত থেকেই দূরদূরান্ত থেকে অসংখ্য শিবভক্ত মন্দির চত্বরে ভিড়
বক্রেশ্বর


বীরভূম, ১৭ আগস্ট (হি.স.): শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে ভক্তদের ঢলে জমজমাট হয়ে উঠল বীরভূমের ঐতিহ্যবাহী বক্রেশ্বর শিবক্ষেত্র। বাবা বক্রনাথের মাথায় পবিত্র জল ঢেলে পুজো দেওয়ার উদ্দেশ্যে রাত থেকেই দূরদূরান্ত থেকে অসংখ্য শিবভক্ত মন্দির চত্বরে ভিড় জমাতে শুরু করেন।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পুণ্যার্থীদের সংখ্যা। ভোর হওয়ার আগেই মন্দিরের সামনে দীর্ঘ লাইন পড়ে যায়। হাতে পুজোর সামগ্রী ও জল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে বাবা বক্রনাথের দর্শন এবং জলাভিষেকের জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন ভক্তরা। শ্রাবণের শেষ সোমবার হওয়ায় অন্যান্য দিনের তুলনায় এদিন ভক্তসমাগম অনেকটাই বেশি।

মন্দির চত্বর থেকে সংলগ্ন এলাকা জুড়ে তৈরি হয় উৎসবের আবহ। ভক্তদের কণ্ঠে ‘বোল বাম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা শিবক্ষেত্র। মহাদেবের মাথায় জল ঢেলে পুজো দিতে দূরদূরান্ত থেকে আসা ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

বিপুল ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। মন্দির ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। ভক্তদের সুশৃঙ্খলভাবে মন্দিরে প্রবেশ এবং জলাভিষেকের ব্যবস্থা করা হচ্ছে।

শ্রাবণের শেষ সোমবারে বক্রেশ্বরে ভক্তদের এই ঢল কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। ভক্তি ও আস্থার আবহে সকাল থেকেই উৎসবের চেহারা নিয়েছে গোটা এলাকা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande