
কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): রবিবার রাত থেকে শুরু হওয়া অবিশ্রান্ত বৃষ্টিতে কলকাতায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও জারি রয়েছে টানা বর্ষণ। জলমগ্ন রাস্তাঘাট। যার জেরে যানজট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই কারণে সপ্তাহের প্রথম কাজের দিনেই চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে অফিসযাত্রী ও সাধারণ মানুষকে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় পশ্চিমবঙ্গে অবস্থানরত এই গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার নাগাদ এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে সরে যেতে পারে। এর প্রভাবে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহবিদরা।
কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া এলাকার একাধিক সড়কে জল জমে যাওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এর জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী ও পথচারীরা। পরিস্থিতি সামাল দিতে ও জমা জল দ্রুত নিষ্কাশনের জন্য কলকাতার পুরসভার কর্মীরা কাজ করছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ