
হাওড়া, ১৭ আগস্ট (হি.স.): রবিবার রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে বিপর্যস্ত হাওড়া শহর। অবিরাম বৃষ্টির জেরে শহরের বিস্তীর্ণ এলাকা এখন জলের নিচে। সোমবার সকালে হাওড়ার সালকিয়ার শ্রীরাম ঢ্যাং রোডে একটি বহু পুরোনো বাড়ি ধসে পড়ায় তীব্র আতঙ্ক ছড়ায়। এই দুর্ঘটনায় ঘরের ভেতর আটকে পড়েন এক প্রবীণ নাগরিক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল ও পুলিশ তাঁকে উদ্ধার করে।
হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরসভার ৫০টি ওয়ার্ডের মধ্যে কমপক্ষে ২৩টি ওয়ার্ড জলমগ্ন। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ১ থেকে ১৬ নম্বর ওয়ার্ডের। গলি থেকে মূল রাস্তা— সর্বত্রই জমা জলের পরিমাণ অনেক বেশি। অসংখ্য ঘরবাড়ি ও দোকানে জল ঢুকে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা।
জিটি রোড, বেনারস রোড, পঞ্চাননতলা রোড এবং নেতাজি সুভাষ রোড-সহ হাওড়ার প্রায় সবকটি প্রধান সড়কে জল জমে যাওয়ায় যানবাহন ধীর গতিতে চলছে। ফলে সকাল থেকেই শহরজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
পরিস্থিতি খতিয়ে দেখতে পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে নিকাশি ও সাফাই বিভাগের পদস্থ কর্তারা মাঠে নেমেছেন। তবে পুর কর্তৃপক্ষের দাবি, পাম্প চালিয়েও দ্রুত জল বের করা সম্ভব হচ্ছে না দুটি মূল কারণে। গঙ্গায় জোয়ার ও জলস্তর বেশি থাকায় নিকাশি নালা দিয়ে শহরের জল গঙ্গার দিকে স্বাভাবিক গতিতে নামতে পারছে না। শহরের মধ্যে খাল, নালা ও পুকুরগুলি উপচে পড়ছে। ফলে জমা জল নামার বদলে উল্টে তা আশপাশের পাড়ায় ঢুকে পড়ছে। পুরসভার পক্ষ থেকে পাম্পের মাধ্যমে জল সরানোর চেষ্টা চালানো হলেও গঙ্গা ও নিকাশি খালগুলির জলস্তর না কমলে পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ