
কলকাতা, ১৭ আগস্ট (হি. স.) : পাকিস্তানি নাগরিক তথা আইএসআই এজেন্ট রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে নেপালের কাঠমান্ডু থেকে ভারতে নিয়ে আসা এবং তার জন্য জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি করার অভিযোগে আরও এক যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসটিএফ)। ধৃত যুবকের নাম ইমরান হোসেন। সে কলকাতার তপসিয়া এলাকার বাসিন্দা।
এর আগে গত ১২ আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থেকে পাকিস্তানি নাগরিক রানা রউফকে গ্রেফতার করেছিল এসটিএফ। তদন্তে জানা যায়, সে ছদ্মবেশে ও জাল নথির সাহায্যে কলকাতায় বসবাস করছিল। নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করা রানার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সরাসরি যোগসূত্র খুঁজে পান তদন্তকারীরা।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, ভারতে এক গোপন নেটওয়ার্ক তৈরি এবং সংবেদনশীল ও গোপনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তাকে পাঠানো হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশ সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার।
রানা রউফকে আশ্রয় দেওয়া ও সাহায্য করার অভিযোগে তপসিয়ার বাসিন্দা এজাজ আলীকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এজাজের বয়ান ও তদন্তের সূত্রে ধরে উঠে আসে ইমরান হোসেনের ভূমিকা। এসটিএফের অভিযোগ, ইমরান রউফের জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার পাশাপাশি নিজে কাঠমান্ডু গিয়ে সেখান থেকে রানাকে নিয়ে কলকাতায় আসে। এরপর থেকে রানা তপসিয়া এলাকাতেই আত্মগোপন করে ছিল।
সোমবার ইমরান হোসেনকে বারাসাত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা করছেন তদন্তকারীরা।
হিন্দুস্থান সমাচার / সোনালি